লরির ধাক্কায় মৃত বালক
দি নিউজ লায়ন; বৃহস্পতিবার বিকেলে উলুবেড়িয়া বিরশিবপুর রোডে বিরশিবপুর দত্তপাড়ার কাছে সাইকেলে চেপে যাওয়ার সময় লরির ধাক্কায় মৃত্যু হল এক বালকের। মৃত বালকের নাম সামিম আকতার শা (১৩) বাড়ি উলুবেড়িয়া থানার কৈজুরী শা পাড়ায়। উলুবেড়িয়া থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার বিকেল ৫ টা নাগাদ সামিম তার সমবয়সী এক আত্মীয়ের সাইকেলে চেপে বিরশিবপুর অভিমুখে যাওয়ার সময় পিছন দিক থেকে আসা একটি লরি সাইকেলে ধাক্কা মারে। দুর্ঘটনায় সামিম সাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গেলে লরির পিছনের চাকা তার মাথার উপর দিয়ে চলে যায়। দুর্ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় সামিমকে উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক সামিমকে মৃত বলে ঘোষণা করেন। দূর্ঘটনার পর ঘাতক লরিটি পালিয়ে যায়।

Post a Comment